Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইফতারি বানিয়ে কটাক্ষের শিকার বলিউডের ডেইজি শাহ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ মার্চ ২০২৬ ১৮:২৪

বলিউড অভিনেত্রী ডেইজি শাহর একটি সৌজন্যমূলক উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মুম্বাইয়ের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে ইফতারি তৈরিতে অংশ নিয়ে এক নেটিজেনের কড়া সমালোচনার মুখে পড়েছেন ‘জয় হো’ খ্যাত এই তারকা। তবে ধর্মীয় বিদ্বেষমূলক সেই মন্তব্যের বিপরীতে দমে না গিয়ে অত্যন্ত সাহসের সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে, যেখানে ডেইজিকে রাস্তার পাশে ইফতারির খাবার প্রস্তুতিতে সাহায্য করতে দেখা যায়। এই ভিডিওর নিচে এক ব্যবহারকারী ডেইজির গত বছরের দীপাবলি উদযাপনের একটি প্রতিবাদের প্রসঙ্গ টেনে বিদ্রূপ করেন। ওই নেটিজেন মন্তব্য করেন যে, ডেইজির আতশবাজি নিয়ে সমস্যা থাকলেও ইফতারির রান্নায় অংশ নিতে তার কোনো বাধা নেই। মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকে আক্রমণ করতেই এই মন্তব্য করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই বিদ্রূপের জবাবে ডেইজি শাহ স্পষ্ট জানিয়ে দেন যে, জননিরাপত্তার স্বার্থে আতশবাজির বিরোধিতা করা আর ইফতারি রান্না করা সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয়। গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অনিয়ন্ত্রিত আতশবাজির কারণে একটি আবাসিক ভবনে আগুন লেগে গিয়েছিল, যা ছিল ডেইজির নিজের বাসার পাশেই। সেই অগ্নিকাণ্ডের ঘটনার ভয়াবহতা থেকেই তিনি আতশবাজি বন্ধের আহ্বান জানিয়েছিলেন। পুরনো সেই প্রতিবাদের সঙ্গে বর্তমানের মানবিক কাজকে মিলিয়ে ঘৃণা ছড়ানোর অপচেষ্টায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

কোরিওগ্রাফার থেকে অভিনেত্রী বনে যাওয়া ডেইজি শাহ ২০১৪ সালে সালমান খানের বিপরীতে অভিনয় করে বিশেষ পরিচিতি পান। নিজের স্পষ্টবাদিতার জন্য পরিচিত এই তারকা ওই নেটিজেনকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মকভাবে তার ‘দ্রুত সুস্থতা’ কামনা করেছেন। জনসেবামূলক কাজে অংশ নিয়ে এমন অনাকাঙ্ক্ষিত বিতর্কের মুখে পড়লেও ভক্তদের একটি বড় অংশ ডেইজির এই সাহসী জবাবকে সাধুবাদ জানিয়েছেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর