Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন না পেয়েও ‘আলহামদুলিল্লাহ’ বললেন কনকচাঁপা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২০:৩১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০০:১৯

কনকচাঁপা। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বহুল প্রতীক্ষিত ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তালিকায় ত্যাগী ও অভিজ্ঞদের পাশাপাশি অনেক নতুন মুখ স্থান পেলেও বাদ পড়েছেন বেশ কয়েকজন আলোচিত ব্যক্তিত্ব। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।

সংরক্ষিত আসনের তালিকায় তার নাম না থাকায় এদিন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এই শিল্পী। মনোনয়ন না পাওয়ার বেদনা ছাপিয়ে তার লেখায় প্রকাশ পেয়েছে গভীর কৃতজ্ঞতা ও দেশপ্রেম। তিনি তার প্রতিক্রিয়া শুরুই করেছেন ‘আলহামদুলিল্লাহ’ বলে।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে কনকচাঁপা লেখেন, ‘প্রিয় সারা বিশ্বের বাংলাদেশি সুধীজন, জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও মনোনয়ন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।’

তিনি আরও উল্লেখ করেন যে, মূলত তৃণমূলের মানুষের ভালোবাসার টানেই তিনি সংরক্ষিত আসনের জন্য আগ্রহী হয়েছিলেন। তিনি লিখেন, ‘গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের জন্য। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না।’

নিজের অবস্থান পরিষ্কার করে এই ‘কণ্ঠ শ্রমিক’ আরও বলেন, ‘আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, সরাসরি জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি কনকচাঁপা। এরপর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিলে সাধারণ মানুষ ও তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিএনপির প্রকাশিত ৩৬ জনের তালিকায় তার নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের প্রতি কোনো অভিযোগ না তুলে তার এমন মার্জিত ও ইতিবাচক প্রতিক্রিয়া নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর