ঈদুল আজহার আমেজ আরও বাড়িয়ে দিতে বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার তিনি আসছেন ‘রকস্টার’ হিসেবে। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি ঘিরে এখন সরগরম ঢালিউড পাড়া। সিনেমাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি যুক্ত হওয়ায় দর্শকদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে।
সিনেমাটির প্রচার ও প্রসারেও যোগ হয়েছে নতুন মাত্রা। অফিসিয়াল মিউজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এর ফলে সিনেমার সব গান এসভিএফ মিউজিক, চরকি এবং বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে উপভোগ করতে পারবেন দর্শক। জানা গেছে, সিনেমার প্রথম গান ‘পিরিতি’ দ্রুতই এসব প্ল্যাটফর্মে মুক্তি পাবে, যা নিয়ে ভক্তদের মাঝে ইতিমধেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
গত ৫ মে প্রকাশিত সিনেমার প্রথম টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। নির্মাতা আজমান রুশো জানান, ব্যক্তিগত জীবনে মিউজিশিয়ান হওয়ার সুবাদে নিজের ও অন্যান্য রকস্টারদের জীবনের বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণে তিনি সিনেমার গল্পটি সাজিয়েছেন। শাকিব খানকে এখানে কোনো চিরাচরিত গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নয়, বরং একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে। এই চরিত্রের জন্য শাকিব খান নিজেকে আমূল বদলে ফেলেছেন; কমিয়েছেন শারীরিক ওজন এবং লুকে এনেছেন এক অভাবনীয় পরিবর্তন।
সিনেমার গানগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আহমেদ হাসান সানি সব গানের কথা ও সুর করেছেন এবং নিজে কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অজয় কুমার কুণ্ডু। নুসরাত মাটির চিত্রনাট্যে সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সব মিলিয়ে ওটিটি ও বড় পর্দার এই মেলবন্ধন ‘রকস্টার’ সিনেমাটিকে এবারের ঈদে বিনোদনের শীর্ষ তালিকায় রাখবে বলে আশা করা হচ্ছে।