ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। আজ (রোববার) বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বয়ে আনা বিমানটি। এ সময় লাশ গ্রহণ করতে উপস্থিত ছিলেন কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
জানা গেছে, দেশে আনার পর মরদেহ প্রথমে নেওয়া হবে রাজধানীর বনানী ডিওএইচএসে কারিনাদের বাসায়। পরে রাতে বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানার বাড়িতে। সেখানেই দাফন করা হবে কারিনা কায়সারকে।
এদিকে, সামাজিক মাধ্যমে এক পোস্টে কারিনার মা লোপা কায়সার জানিয়েছেন, আজ বাদ মাগরিব রাজধানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। একই দিন রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ। পরদিন সোমবার বাদ ফজর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে স্থানান্তর করা হয়। গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) গভীর রাতে মৃত্যু হয় তার।
কারিনা কায়সার মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনধর্মী কনটেন্টের জন্য তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন। অভিনয়ের জগতেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
কারিনা অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং সিনেমা ‘৩৬-২৪-৩৬’। এ ছাড়া তিনি চিত্রনাট্যকার হিসেবেও বেশ কিছু ভালো কাজ করেছেন।