Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভেনিসে বাঁধনের ওপর হামলায় শোবিজ তারকাদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১২ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৮

আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে ইতালির ভেনিসে প্রকাশ্যে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে নিজের ভাই, ভাইয়ের স্ত্রী ও এক ছোট শিশুকে নিয়ে ঘোরার সময় কতিপয় ব্যক্তি তার ওপর এই বর্বরোচিত হামলা চালায়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশজুড়ে তুমুল আলোচনা-সমালোচনা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও এবং বাঁধনের নিজস্ব ফেসবুক বার্তা সূত্রে জানা যায়, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী, ভেনিস ছাত্রলীগ ও বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে তার ওপর চড়াও হয় এবং তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালাগালি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। হামলাকারীরা তার দিকে কোমল পানীয়, ডিম ও পানি ছুড়ে মারে, তার মোবাইল ফোন আছড়ে ফেলে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের ধাক্কা দেয়। এমনকি পুরো ঘটনার সময় সাথে থাকা ছোট শিশুটি ভয়ে কান্না করতে থাকলেও হামলাকারীরা বিন্দুমাত্র দয়া দেখায়নি। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে বাঁধনের সক্রিয় ভূমিকার কারণেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই ঘটনায় দেশের বিনোদন অঙ্গনের অনেক জনপ্রিয় তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

জাকিয়া বারী মম

আজমেরী হক বাঁধনকে ইতালির ভেনিসে হেনস্তার ভিডিওটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে চরম ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ঘটনার পরপরই তিনি দেশের সামগ্রিক অস্থিরতা, অন্যায় এবং সামাজিক পরিস্থিতি নিয়ে নিজের গভীর অসন্তোষের কথা তুলে ধরে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেন। তিনি দেশের বিদ্যমান বাস্তবতার কঠোর সমালোচনা করে বলেন, মাদারাসায় যৌন হয়রানি, গরিবের ওপর নির্যাতন, যেকোনো দলের অন্ধত্ব, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকার সমস্যা, সর্বস্তরে নারীর প্রতি অসম্মান, মতের অমিল হলেই কাউকে খারাপ বানিয়ে দেওয়া, মাজার উচ্ছেদ, নাচ-গান-শিল্প-সাহিত্য ও নৌকা বাইচ নিষিদ্ধকরণ, ধর্মের নামে রাজনীতি, মানুষের আবেগকে পুঁজি করে রাজনীতি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং অনিরাপদ নাগরিক জীবনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেশের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। তিনি সতর্ক করে বলেন যে সাধারণ মানুষ ক্রমাগত প্রতারিত হচ্ছে এবং এই অবস্থা চলতে থাকলে দেশে অচিরেই গৃহযুদ্ধ নেমে আসতে পারে। নিজের কোনো রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে এই অভিনেত্রী স্পষ্ট জানান যে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন এবং তার একমাত্র দল হলো বাংলাদেশ, তিনি শুধু নিজের দেশটাকে সুস্থ ও নিরাপদ দেখতে চান।

শাহরিয়ার নাজিম জয়

ইতালির ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার পর দেশে ও বিদেশে দলমত নির্বিশেষে সব শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক বিশেষ স্ট্যাটাসে তিনি স্পষ্ট ভাষায় জানান যে তিনি কোনো ধরণের মব বা সংঘবদ্ধ আক্রমণকে সমর্থন করেননি এবং কখনোই করবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি বিনোদন অঙ্গনের শিল্পীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জয়। তিনি অন্য তারকাদের উদ্দেশ্যে অনুরোধ জানান যেন বিপদের সময়ে কোনো শিল্পীকে দেখে কেউ উপহাস না করে, কারণ অতীত থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যেখানে কারো বিপদে হাসা অনুচিত ছিল এবং কোনো না কোনো জায়গায় এই অন্যায়গুলো থামা দরকার। শিল্পীদের নিরাপত্তা বিধানের পাশাপাশি যেকোনো সহকর্মীর বিপদে সবাইকে এক হয়ে পাশে দাঁড়ানোর বার্তাই দিয়েছেন এই অভিনেতা।

মৌসুমী হামিদ

বাঁধনের ওপর এই বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আরেক বিশিষ্ট অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী সমাজকে যেভাবে রাজনৈতিক পরিচয় দিয়ে বিচার করা হচ্ছে সে বিষয়টির প্রতি প্রশ্ন তুলে লিখেছেন যে এই দেশে যেন শিল্পী হওয়াটাই একটা বড় পাপের কাজ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, ধানমন্ডির ৩২ নম্বরে কোনো অঘটন হোক কিংবা সুদূর ভেনিসে, কোনো অবস্থাতেই একজন মানুষের বা শিল্পীর ওপর এই ধরণের শারীরিক লাঞ্ছনা ও হামলাকে সমর্থন করা যায় না। অতীতে কারো পোশাক টানা বা লাঞ্ছনার ঘটনার অজুহাতে যদি অন্য কারো ওপর আক্রমণ চালানোকে বৈধতা দেওয়া হয়, তবে সেটা কোনো সুস্থ নেতৃত্ব বা রাজনৈতিক সংস্কৃতির পরিচয় হতে পারে না। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং মওলানা ভাসানীর মতো দূরদর্শী রাজনৈতিক নেতাদের উদাহরণ টেনে তিনি বলেন যে মানুষের নেতা হওয়ার লড়াইয়ের বদলে এখন যেন একে অন্যের কাপড় ছেঁড়ার নোংরা সংস্কৃতি সামনে চলে আসছে। আজমেরী হক বাঁধনকে ডিম ও পানীয় ছুড়ে মারা, মুঠোফোন ফেলে দেওয়া এবং শিশুর সামনে শারীরিকভাবে লাঞ্ছিত করার নিন্দা জানিয়ে তিনি বলেন যে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষের মনুষ্যত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করার চর্চা শুরু করা দরকার।

পরী মনি

ইতালির ভেনিসে পরিবারের ছোট সদস্যের সামনে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা করার ঘটনায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে চরম আক্রোশ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই হামলার ভিডিও বার্তাটি নিজের ওয়ালে শেয়ার করে তিনি হামলাকারীদের চরম ধিক্কার জানান এবং লেখেন যে রাস্তায় কিছু অমানুষ পশুর মতো ঘেউ ঘেউ করছে, যাদের কাছে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ বা আকুতির কোনো মূল্য নেই। ভেনিসের মেস্ত্রে এলাকার পার্কে ঘটা এই অসংলগ্ন আচরণ এবং বাঁধনের গায়ে ডিম ও পানি ছুড়ে মারার ঘটনাটিকে তিনি তীব্র প্রতিবাদ জানান। বাঁধন ইতিমধ্যে ভেনিসের স্থানীয় থানায় এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের নাম উজ্জ্বল করা আজমেরী হক বাঁধনের আন্তর্জাতিক এই মঞ্চে এমন লাঞ্ছনার শিকার হওয়াটা দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা হিসেবে উঠে এসেছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর