Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী আজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২০

ব্রিটিশবিরোধী আন্দোলনের মহান বিপ্লবী, চট্টগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষ্যে নাট্যদল ‘ঢাকা পদাতিক’ আয়োজন করতে যাচ্ছে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রপ্রদর্শনী এবং মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী।

‘ইতিহাস ও ঐতিহ্য পরিষদ’ এবং সাংস্কৃতিক বিদ্যালয় ‘তপোবন’-এর সহযোগিতায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

সাধারণ দর্শকের জন্য সম্পূর্ণ উন্মুক্ত এই আয়োজনের শুরুতেই থাকবে ‘তপোবন’-এর পরিবেশনায় জাগরণমূলক দলীয় সংগীত। পাশাপাশি মিলনায়তনের প্রবেশপথে থাকবে শিক্ষার্থীদের আঁকা প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট খণ্ডযুদ্ধ এবং শহীদ বিপ্লবীদের নানা ছবির প্রদর্শনী।

বিজ্ঞাপন

শ্রদ্ধাঞ্জলি ও সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষে মঞ্চস্থ হবে মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও বিয়োগান্তক ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৭তম প্রদর্শনী।

একুশে পদকপ্রাপ্ত প্রয়াত নাট্যজন মাসুম আজিজের রচনা ও নির্দেশনার পর বর্তমানে নতুন মাত্রা ও অলংকরণে নাটকটির নবনির্দেশনা ও মূল ‘সূর্যসেন’ চরিত্রে অভিনয় করছেন প্রথিতযশা অভিনেতা নাদের চৌধুরী। প্রায় ৪০টি চরিত্র সমৃদ্ধ এই নাটকে আরও অভিনয় করছেন মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামানসহ অনেকে।

২০১৮ সালে উদ্বোধনী প্রদর্শনীর পর থেকে দেশ-বিদেশে ব্যাপক সমাদৃত ও প্রশংসিত এই প্রযোজনাটি বর্তমান প্রজন্মকে ব্রিটিশবিরোধী সংগ্রামের সত্য ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর