Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভয়াবহ আগুনে থমকে গেল ‘রামায়ণ’র শুটিং, কেমন আছেন রণবীর?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ অক্টোবর ২০২৬ ১৬:২৬

চার হাজার কোটি টাকা বাজেটের বহুল আলোচিত চলচ্চিত্র ‘রামায়ণ’ নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। রণবীর কাপুরকে রাম রূপে দেখে প্রশংসার পাশাপাশি নানা আলোচনা তৈরি হলেও এবার ছবিটির শুটিং সেটে অগ্নিকাণ্ডের খবর এসেছে। গত ৫ অক্টোবর ভোরে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে প্রাইম ফোকাস স্টুডিওজের পেছনের একটি অস্থায়ী সেটে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা যায়, ভোর আনুমানিক চারটার দিকে বৈদ্যুতিক ওয়্যারিং ও কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। অস্থায়ী ওই সেটে কাঠের পাটাতন, দরজা, এসি ইউনিট, বাঁশ, প্লাস্টিক এবং সাউন্ড সিস্টেমসহ প্রচুর দাহ্য পদার্থ থাকায় প্রায় ১০০ ফুট বাই ২০ ফুট বিস্তৃত এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল চারটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

পরবর্তী হালনাগাদ তথ্যে জানা গেছে, প্রত্যক্ষদর্শী ও দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্যোগ থেকে রক্ষা পাওয়া গেছে এবং এই ঘটনায় কোনো প্রাণহানি বা কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সেটের ক্ষয়ক্ষতিও অনেক কম হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কেবল ‘রামায়ণ’ নয়, আগুনের আঁচ ছড়িয়ে পড়েছিল পাশে থাকা ‘এমটিভি হাসেল’ এবং ‘পতি পত্নী অউর পাঙ্গা সিজন ২’-এর সেটেও। মূলত ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’-এর সেট থেকে আগুন ছড়িয়ে পেছনের দিকে যায়, যার ফলে কাছাকাছি থাকা এই তিন প্রকল্পের শুটিং কার্যক্রমই সাময়িকভাবে ব্যাহত হয়। সম্প্রতি ভোজপুরি চলচ্চিত্র ‘ভূতনি কা বদলা’-র সেটে অভিনেত্রী সঞ্জনা পাণ্ডেকে ঘিরে ঘটা অনাকাঙ্ক্ষিত আগুনের তীব্রতার কথা স্মরণ করে সিনে পাড়ায় নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই বিষয়ে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর সভাপতি বি এন তিওয়ারি তথ্য নিশ্চিত করে জানান, প্রথমে স্টুডিওর বাইরের একটি তাঁবুতে আগুন লেগেছিল এবং সেখান থেকেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। তবে সেভাবে মূল সেটের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হননি বলে তিনি জানান। তবে প্রযোজকদের অসতর্কতার ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরও জানান, কয়েক দিন আগেই ওই এলাকায় অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছিল। এরপর সব প্রযোজকের সঙ্গে যোগাযোগ করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা সত্ত্বেও অসতর্কতার কারণে এই ঘটনাটি ঘটল। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সকলেরই পর্যাপ্ত নিরাপত্তা ও আগাম সতর্কতা নিশ্চিত করা উচিত বলে তিনি মন্তব্য করেন। নীতীশ তিওয়ারি পরিচালিত এই চলচ্চিত্রে রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী ছাড়াও অমিতাভ বচ্চন, রবি দুবে, যশ ও রাকুলপ্রীত সিং অভিনয় করছেন। ছবিটির প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং দ্বিতীয় পর্বটি পরবর্তী বছরগুলোতে পর্দায় আসার পরিকল্পনা রয়েছে।

সারাবাংলা/এফএন/এএসজি