Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুটো টাকার জন্য যে মাছওয়ালি হতে হবে, এটা জীবনেও ভাবিনি: কৌশানী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ অক্টোবর ২০২৬ ১৭:৩৮

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও সেই জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ চলচ্চিত্রে, যা আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে চলচ্চিত্রটি মুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর এক অভিনব প্রচার ঘিরে নেট দুনিয়ায় চরম কৌতূহল ও চর্চা শুরু হয়েছে। যেখানে পুরোপুরি মেছুনির অবতারে নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী। নেট মাধ্যমে প্রকাশ পাওয়া সেই মজার দৃশ্যের ক্যাপশনে লেখা ছিল, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, মাথার চুল শক্ত করে খোঁপায় বাঁধা, গায়ে সাধারণ শাড়ি, মুখে শ্যামলা মেকআপ আর সম্পূর্ণ গ্ল্যামারহীন লুকে কৌশানীকে চেনা কঠিন। হাতে একের পর এক বড় মাছ তুলে ধরে একদম চেনা মাছবাজারের মেছুনির মতো সুর মিলিয়ে ক্রেতাদের ডাকছেন তিনি।

বিজ্ঞাপন

তবে রুপালি পর্দার এই কাজের জন্য মাছ কাটার অভিজ্ঞতা খুব একটা স্বস্তিদায়ক ছিল না তার জন্য। বটির কাছে বড় মাছ নিয়ে ঘষতে ঘষতে রীতিমতো হিমশিম খেতে দেখা যায় এই অভিনেত্রীকে। চরম নাজেহাল হয়ে মজার ছলে কৌশানীকে বলতে শোনা যায়, তিনি শেষ হয়ে গেলেন, তিনি ধ্বংস হয়ে গেলেন। দুটো টাকার জন্য কত কী করতে হয়। জীবনে তিনি ভাবেননি যে তাকে মাছওয়ালি হতে হবে। ভিডিওতে শুধু মাছ কাটতেই দেখা যায়নি তাকে, শুটিং শুরুর নির্দেশ কানে আসার সঙ্গে সঙ্গেই বাজারের হকারদের মতো গলা ফাটিয়ে চিৎকার শুরু করেন তিনি। হাতে বড় মাছ উঁচিয়ে তিনি বলেন, দুশো দুশো, সিলভার দুশো, বড় মাছ, টাটকা মাছ, বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান। আবার কখনও কাজের সময় শেষ করার অনুরোধ জানিয়ে রসিকতার সুরে তিনি বলেন, তিনি এইরকম করছেন, এর মধ্যেই যেন সবাই কিনে নেয়, তিনি অনুরোধ করছেন।