Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬ ১১:১৫

দুষ্কৃতিকারীর হামলার শিকার হয়েছে বলিউড অভিনেতা টাইগার শ্রফ। এ ঘটনায় তার গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে বেরনোর সময়ে টাইগারকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, পর পর পাঁচ রাউন্ড গুলি চলে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। তবে ঘটনায় আহত হয়েছেন দু’জন। তাদের মধ্যে রয়েছেন টাইগারের গাড়িচালকও। পুলিশের এক কর্মকর্তা জানান, পশ্চিম মুম্বাইয়ের জুহু থানার আওতাধীন পুষ্পা পার্কের কাছে ঘটনাটি ঘটে। ঠিক কী কারণে এবং কীভাবে হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে। তবে ভিডিওটির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। টাইগার শ্রফের বাবা, অভিনেতা জ্যাকি শ্রফ জানিয়েছেন, তার ছেলে নিরাপদে আছেন। তিনি আরও জানান, টাইগার পুলিশের সঙ্গে থানায় থেকে তদন্তে সহযোগিতা করছেন।

বিজ্ঞাপন

এদিকে এই হামলার দায়স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর পক্ষ থেকে হামলার দায়স্বীকার করে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি একটি অডিও বার্তায় জানান, বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে যে অভিনেতারা কাজ করেছেন, তারা প্রত্যেকেই এই গ্যাং-এর নজরে রয়েছেন। তাদের পক্ষ থেকে নাকি অনেক আগেই সমস্ত অভিনেতা অভিনেত্রীকে সালমান খানের সঙ্গে কাজ করতে বারণ করা হয়েছিল। কিন্তু সেই কথা মানেননি টাইগার শ্রফ। আর সেই কারণেই নাকি তার ওপর হামলা চালানো হয়েছে। তবে এই বার্তাটি আসল কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। ফলে হামলার সঙ্গে ওই গোষ্ঠীর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনার সূত্র খুঁজতে এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা।

বিজ্ঞাপন

দেশজুড়ে নেই বৃষ্টির পূর্বাভাস
১৯ অক্টোবর ২০২৬ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর