একের পর এক হুমকির মুখে পড়ছেন বলিউড তারকারা। বলা যায়, গ্যাংস্টারদের হুমকির থাবা আরও চওড়া হচ্ছে। এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে কোটি টাকার তোলা দাবি করে হুমকি দেওয়া হল বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। মুম্বাই পুলিশ সূত্রের খবর, অভিনেতাকে একটি অডিও বার্তা পাঠানো হয়েছে, যেখানে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, এরইমধ্যে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ এবং অডিও ক্লিপটির ভয়েস স্যাম্পল মিলিয়ে দেখা হচ্ছে আসল বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এর কোনও যোগ আছে না কি এটি স্রেফ ভয় দেখানোর চেষ্টা।
আয়ুষ্মান খুরানাকে দেওয়া হুমকির ঠিক একদিন আগেই একইভাবে কোটি টাকার তোলা চেয়ে ফোন পেয়েছিলেন অভিনেতা তুষার কাপুর। প্রাথমিক তদন্তে তুষারের ফোনটিকে একটি ভুয়ো হুমকি বলেই সন্দেহ করেছিল পুলিশ। এখন গোয়েন্দারা খতিয়ে দেখছেন— আয়ুষ্মান ও তুষার কাপুরের কাছে আসা এই বার্তাগুলো একই চক্রের কাজ না কি বিনোদন জগতে আতঙ্ক ছড়ানোর জন্য আলাদা আলাদা কোনও সমাজবিরোধীর চক্রান্ত।
বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে এই উদ্বেগ হুট করে তৈরি হয়নি। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল গ্রাউন্ড থেকে বেরোনোর সময় অভিনেতা টাইগার শ্রফের গাড়িকে লক্ষ্য করে বাইকে আসা সশস্ত্র দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি চালায়।
সেই হামলায় টাইগারের ড্রাইভার ও একজন অটোচালকসহ তিনজন আহত হন, তবে ভাগ্যক্রমে বেঁচে যান টাইগার নিজে। পরবর্তীতে সেই হামলার দায় স্বীকার করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আয়ুষ্মানের কাছে এই অডিও বার্তা আসায় স্বাভাবিকভাবেই বলিপাড়ায় নতুন করে আতঙ্কের ছায়া নেমে এসেছে।
এত সব ঝামেলার মাঝেও নিজের আগামী ছবির কাজে ব্যস্ত আয়ুষ্মান। সম্প্রতি সারা আলি খানের সঙ্গে ‘উড়তা তীর’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে শর্বরী ওয়াঘের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত আগামী ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-র প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।