Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাঁচ বছর পর ফের একসঙ্গে জন ও নোরা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬ ১৭:১২

বলিউডের পর্দায় আইটেম গান বা বিশেষ ড্যান্স নাম্বারের প্রসঙ্গ এলে যে কয়েকটি জুটির কথা সবার আগে মাথায় আসে, জন আব্রাহাম ও নোরা ফাতেহি তাদের মধ্যে অন্যতম। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গান দিয়ে এই জুটির যাত্রা শুরু হয়েছিল। সেই গানটি শুধু ইন্টারনেট দুনিয়ায় ঝড়ই তোলেনি, বরং রাতারাতি নৃত্যশিল্পী হিসেবে নোরা ফাতেহিকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। ওই সিনেমায় জন আব্রাহামের অ্যাকশন অবতারের সঙ্গে নোরার দুর্দান্ত নাচের রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল।

‘দিলবার’-এর সেই আকাশছোঁয়া সাফল্যের পর নির্মাতারাও এই জুটির ওপর ভরসা রাখতে শুরু করেন। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে ‘বাটলা হাউজ’ সিনেমার ‘সাকি সাকি’ এবং ২০২১ সালে ‘সত্যমেভ জয়তে ২’ সিনেমার ‘কুসু কুসু’ গানেও একসঙ্গে পর্দা কাঁপান তারা। মজার বিষয় হলো, প্রতিটি গানই মুক্তির পরপরই চার্টবাস্টারের শীর্ষে জায়গা করে নেয় এবং কোটি কোটি দর্শকের ভালোবাসা কুড়ায়।

বিজ্ঞাপন

দীর্ঘ পাঁচ বছরের বিরতি ভেঙে সেই সুপারহিট জুটি আবারও ফিরছেন রুপালি পর্দায়। জন আব্রাহামের বহুল প্রতীক্ষিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফোর্স ৩’-এর একটি বিশেষ গানে পারফর্ম করতে দেখা যাবে নোরা ফাতেহিকে। দীর্ঘ সময় পর প্রিয় জুটিকে একসঙ্গে দেখার খবরে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে বেশ উন্মাদনা তৈরি হয়েছে।

সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের আলাদা এক ধরনের উন্মাদনা রয়েছে। তাই অ্যাকশনের পাশাপাশি গানের ক্ষেত্রেও কোনো কমতি রাখতে চাইছেন না নির্মাতারা। দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখে অত্যন্ত বড় পরিসরে গানটির আয়োজন করা হচ্ছে। গানের সুর ও ছন্দে যেমন নাচের পূর্ণ সুযোগ রাখা হয়েছে, তেমনি এর সেট ও চিত্রায়নেও থাকছে জমকালো সব আয়োজন।

‘ফোর্স ৩’ সিনেমায় আবারও নিজের চিরচেনা ও জনপ্রিয় চরিত্র এসিপি যশবর্ধন সিং হিসেবে পর্দায় ফিরছেন জন আব্রাহাম। ২০১১ সালে প্রথম কিস্তি মুক্তির পর ২০১৬ সালে এসেছিল ‘ফোর্স ২’। প্রায় এক দশক পর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। এবারের পর্বে জনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা এবং সূর্য শর্মার মতো অভিনয়শিল্পীরা।

বর্তমানে পুরোদমে চলছে সিনেমাটির শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফোর্স ৩’। জনের ধুন্ধুমার অ্যাকশনের সঙ্গে নোরার নাচের জাদু বড় পর্দায় আবারও পুরনো সেই উন্মাদনা ফিরিয়ে আনতে পারে কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।

সারাবাংলা/এফএন/এএসজি