Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাদ্যগুদামের সক্ষমতা ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৬:৫৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: সারাদেশের খাদ্যগুদামগুলোর মজুদ ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে সারাদেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত চিত্র তুলে ধরার সুপারিশ করা হয়েছে। যেসব খাদ্যগুদাম অনেক পুরনো এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো সরেজমিনে পরিদর্শন করে বাতিল করা এবং প্রয়োজনে নতুন খাদ্যগুদাম স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ ও মেকানিকাল ভেন্টিলেশন সিস্টেম বসানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে খাদ্যগুদাম নির্মাণে ইটের বদলে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড স্ট্রাকচার ব্যবহারের বিষয়টিও পর্যালোচনায় রয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর ) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আলোচ্যসূচি অনুযায়ী বিগত প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলে। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদফতর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

বৈঠকে খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত চাল বিতরণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে নীতিমালা সংশোধনের বিষয়টিও তুলে ধরা হয়। নতুন সংশোধিত নীতিমালায় পূর্বের প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলারের পরিবর্তে প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন করে ডিলার নিয়োগের বিধান রাখা হয়েছে।

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ তৈরির উদ্দেশ্যে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস বা ওপেন মার্কেট সেল কর্মসূচি চালুর তথ্যও বৈঠকে জানানো হয়। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার এই চাল বিক্রি করা হচ্ছে।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব নিয়েও মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংশোধনীগুলোর মধ্যে রয়েছে কোনো অভিযোগের ভিত্তিতে বা কর্তৃপক্ষের মাধ্যমে কোনো গুরুতর বিচ্যুতি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপের বিধান। জরিমানার অর্থ আদায় হলে সেই আদায়কৃত অর্থের ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।

বৈঠকে অংশ নিয়ে কমিটির সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এমপি বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাবার পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন খাদ্যমন্ত্রী। একইসঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে মো. আবদুস সালাম পিন্টু বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করে জনগণ, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান কমিটির সভাপতি।

বৈঠকে কমিটির অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি, আবুল কালাম এমপি, খোন্দকার আবু আশফাক এমপি, এলিজা জামান এমপি, মোঃ আবু তালেব মন্ডল এমপি, মোঃ আব্দুল করিম এমপি এবং শামছুন্নাহার বেগম এমপি। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধানগণ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসআর