ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টি এখন আর কেউ বিশ্বাস করে না।
তার ভাষ্যমতে, ক্ষমতায় থাকাকালীন তিনি বারবার বলেছিলেন শেখ হাসিনা পালান না, কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তিনি ঠিকই দেশ ছেড়ে চলে গেছেন এবং ইদানীং দেশে ফিরে আসার কথা বললেও তা কেউ আর বিশ্বাস করে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গণতন্ত্র, দেশি-বিদেশি ষড়যন্ত্র ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে শামসুজ্জামান দুদু দাবি করেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নির্বাচন ব্যবস্থা নিয়ে যে ধরনের অনিয়ম করেছেন, পৃথিবীতে তার কোনো নজির নেই। বাংলাদেশের মানুষ এমন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আগে কখনো দেখেনি।
দেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে শেখ মুজিবুর রহমানের হাতে গণতন্ত্র নিহত হয়েছে এবং শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আবারও তা ধ্বংস করেছেন । পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় সম্পর্কে নেতাকর্মীদের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘গণতন্ত্র হত্যাকারী এই বাকশালিদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের পাশে থাকতে হবে।’
পার্শ্ববর্তী দেশের প্রসঙ্গ টেনে তিনি আরও অভিযোগ করেন, একটি পার্শ্ববর্তী দেশ প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশকে আবারও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, কর্মজীবী দল অতীতের মতো আগামীতেও গণতন্ত্রের প্রহরী হিসেবে ভূমিকা রাখবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, কর্মজীবী দলের সভাপতি মো. সালাহউদ্দিন খান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।