Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জন্মভূমি রাজশাহীতেই চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেতা শামস সুমন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ১২:০৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতে সমাহিত করা হবে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জোহরের নামাজের পর রাজশাহী মহানগরীর ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মহানগরীর হেতেমখাঁ কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মরহুমের ছোট ভাই ও জিটিভির রাজশাহী প্রতিনিধি রাশেদ ইবনে ওবাইদ রিপন জানান, শামস সুমনের স্ত্রী ও সন্তানেরা বুধবার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকা পৌঁছেছেন। আজ ভোরে মরদেহ নিয়ে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। দুপুর পর্যন্ত মরদেহ ঝাউতলা মিঠুর মোড়ে তাদের পৈতৃক বাসভবনে রাখা হবে, যেন দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। এর আগে বুধবার সকালে ঢাকায় চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মেধাবী অভিনেতা। তুখোড় ছাত্র হিসেবে পরিচিত শামস সুমন ১৯৮২ সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি-তে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি অভিনয়ে মনোনিবেশ করেন। মঞ্চ ও ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এফএন/এএসজি