ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু টিক পেতে হলে কি প্রতি মাসে টাকা গুনতেই হবে? অনেকেরই এমন ধারণা থাকলেও বাস্তবে সব ক্ষেত্রে তা নয়। মেটা ভেরিফায়েডের পেইড সাবস্ক্রিপশনের বাইরেও নির্ধারিত কিছু শর্ত পূরণ করলে বিনামূল্যে ভেরিফিকেশনের জন্য আবেদন করা যায়।
আসুন জেনে নেই, বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাবেন যেভাবে…
আবেদনের শর্ত
সঠিক পরিচয় ও ধরন: অ্যাকাউন্টটি কোনো প্রকৃত ব্যক্তি, নিবন্ধিত ব্যবসা বা প্রতিষ্ঠানের হতে হবে এবং তাতে প্রকৃত পরিচয় স্পষ্ট থাকতে হবে।
পাবলিক ও সক্রিয় প্রোফাইল: প্রোফাইল ছবি, বায়ো এবং নিয়মিত অ্যাক্টিভিটিসহ অ্যাকাউন্টটি অবশ্যই পাবলিক হতে হবে।
জনপরিচিতি ও সংবাদমাধ্যমে উল্লেখ: প্রধান শর্ত হলো সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্র্যান্ডটিকে সাধারণ মানুষ চিনবেন এবং স্বাধীন কোনো সংবাদমাধ্যমে তাদের নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকতে হবে। কেবল বিপুল ফলোয়ার থাকলেই এই সুবিধা পাওয়া যায় না।
আবেদন করার ধাপ
ইনস্টাগ্রাম অ্যাপ খুলে প্রোফাইল সেকশনে গিয়ে উপরের থ্রি-লাইন মেনু-তে প্রবেশ করুন।
সেখান থেকে Settings and activity (সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি) হয়ে Account type and tools বা প্রফেশনাল সেটিংস অপশনে যান।
এবার Request verification নির্বাচন করুন।
নির্ধারিত ফরমে নিজের নাম, সরকারি পরিচয়পত্র এবং পরিচিতির সপক্ষে সংবাদমাধ্যমের লিংক জমা দিয়ে আবেদন সম্পন্ন করুন।
সঠিক তথ্য ও প্রামাণ্য নথি দিয়ে আবেদন করলে যাচাই-বাছাই শেষে অ্যাকাউন্টটি উপযুক্ত মনে হলে ইনস্টাগ্রাম ব্লু টিক দিয়ে থাকে। তাই অযথা খরচ না করে শর্তগুলো মিলিয়ে নিলে আপনিও বিনামূল্যে ভেরিফিকেশনের সুযোগটি যাচাই করে দেখতে পারেন।