Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাস্থ্য ও স্বাদের পারফেক্ট মেলবন্ধন ‘আমলকির স্যুপ’

লাইফস্টাইল ডেস্ক
২৬ আগস্ট ২০২৬ ১৮:১১

ভারী খাবারের পর পেটের অস্বস্তি দূর করতে কিংবা হজমশক্তি বাড়াতে আমলকির জুড়ি মেলা ভার। কাঁচা চিবিয়ে খাওয়া, আচার বা হজমি হিসেবে ব্যবহারের বাইরেও আমলকি দিয়ে চমৎকার পুষ্টিকর স্যুপ তৈরি করা সম্ভব। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন-সি, ফাইবার, আয়রন ও অ্যান্টিঅক্সিড্যান্ট ঋতু পরিবর্তনের সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায়, তেমনই ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখে।

প্রয়োজনীয় উপকরণ

প্রধান উপাদান: বড় সাইজের আমলকি ৫-৬টি (বিচি ছাড়ানো), সেদ্ধ মসুর ডাল আধা কাপ ও পানি ১ কাপ।

বাটার মসলা: গোটা গোলমরিচ ৫-৬টি, গোটা জিরা ১ চা-চামচ, কাঁচামরিচ কুচি ২-৩টি, হলুদ গুঁড়ো আধা চা-চামচ এবং স্বাদমতো লবণ।

বিজ্ঞাপন

ফোড়নের জন্য: ঘি ১ টেবিল চামচ, গোটা ধনে ১ চা-চামচ, কারিপাতা ৮-১০টি ও শুকনা মরিচ ২-৩টি।

প্রস্তুত প্রণালী

পেস্ট তৈরি: বিচি ছাড়ানো আমলকির টুকরোগুলোর সাথে গোলমরিচ, জিরা, কাঁচামরিচ, হলুদ ও লবণ একসাথে মিশিয়ে ব্লেন্ডার বা পাটায় মিহি করে পেস্ট বানিয়ে নিন।

স্যুপ ফোটানো: একটি পাত্রে সেদ্ধ ডাল, আমলকির মিশ্রণ ও এক কাপ পানি একসাথে মিশিয়ে হালকা আঁচে ৮-১০ মিনিট ফুটিয়ে নিন।

তড়কা বা ফোড়ন: অন্য একটি কড়াইয়ে ঘি গরম করে গোটা ধনে, শুকনা মরিচ ও কারিপাতা হালকা ভেজে সুবাস বের হলে তা স্যুপের মধ্যে ঢেলে দিন এবং ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করুন।

গরম গরম এই চটপটা স্যুপ দিনের যেকোনো সময় পরিবেশন করতে পারেন, যা সর্দি-কাশি থেকে দূরে রাখার পাশাপাশি শরীরে তাৎক্ষণিক সতজতা ও ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেবে।

সারাবাংলা/এনএল/এএসজি