বেনাপোল: বেনাপোল দিয়ে দেশে আনা হয়েছে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (৭০) মরদেহ।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, ট্রাভেল পারমিটের মাধ্যেমে কোলকাতায় মৃত্যু বাংলাদেশের সাবেক একজন এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।
সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি অবৈধ পথে ভারতে পলায়ন করেন। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কোলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। চিকিৎসকদরে ভাষ্যমতে, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়।
জোয়াহেরুলের মৃত্যুর সময় হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে ছিলেন। স্ত্রী মেডিকেল ভিসায় কোলকাতায় অবস্থান করছিলেন। এরপর তার অসুস্থতার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম কোলকাতায় যান।
জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি এর আগে করটিয়া সরকারী সা’দত কলেজ এর দুই বার ছাত্র সংসদ এর ভিপি নির্বাচিত হন।