ফরিদপুর: জেলায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে রাজু শেখ (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাজু শেখ শহরের লক্ষ্মীপুর রেল কলোনি এলাকার বাবলু শেখের ছেলে। তিনি ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ওই এলাকার মাদক সম্রাজ্ঞী শিল্পী বেগমের মেয়ে জামাই হৃদয় শেখ (২২) ও তার ৪-৫ জন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায়। হামলাকারীরা রাজুর দুই পা ও ডান হাতে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে যায়।
অভিযুক্ত হৃদয় শেখ ওই এলাকার মাসুদ শেখের ছেলে। নিহত ও অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
নিহতের স্ত্রী নিশি বেগম দাবি করেন, হৃদয় শেখ তাদের কাছে ২২ হাজার টাকা পাবে বলে কয়েকদিন ধরে বাড়িতে এসে চাপ সৃষ্টি করছিল। টাকা না দিলে জেলে যাবে, না হয় হাসপাতালে পাঠাবে বলে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে রাজু শেখকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হৃদয় শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’