Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ০০:০৩

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

কুষ্টিয়া: জেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

এদিন বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ‘আনিচ স্টোর’ নামের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। সেখানে একজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ছলেমান শাহকে (৬৫) ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় দোকানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সন্ধ্যার দিকে মিরপুর উপজেলার নওপাড়া বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় রাসেল (২৫) নামে এক পাখিভ্যান চালক নিহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দ্রুতগতির ট্রলি ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে রাসেল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এর আগে সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল এলাকায় মিজান তেলপাম্পের সামনে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রূপচাঁদ ইসলাম নিহত হন। তিনি ১০ মাইল এলাকার বাসিন্দা মোজাম্মেল মন্ডলের ছোট ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট যানবাহন জব্দ এবং চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর