কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) বেলা প্রায় ১২টার দিকে কক্সবাজার–টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিদ ইসলাম হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।
আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সিএনজি চালকের শারীরিক অবস্থা গুরুতর।
হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট বাস জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।