Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১০:৩৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নোয়াখালী: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর সেনবাগ উপজেলার এক পরিবারের চার সদস্যসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ইস্টজোন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মুফতি আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝরনা বেগম (৪০), ছেলে সাইফ (৭), মেয়ে লাবিবা (১৮) এবং প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২)।

গুরুতর আহত হয়েছেন মমিনের আরেক ছেলে আবরার (১২)। তিনি কুমিল্লার ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুফতি আব্দুল মমিন তিন ছেলে এক মেয়ের জনক। তিনি ঢাকার মোহাম্মদপুরে জামিয়া আরাবিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় ফিরছিলেন। পথেই স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর একই পরিবারের চার সদস্য প্রাণ হারান। চার ভাই ও তিন বোনের মধ্যে মমিন ছিলেন তৃতীয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল বাশার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের গ্রামের বাড়ি পরিদর্শন করেছে। একসঙ্গে পরিবারের চার সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম। প্রাথমিক ভাবে জানা গেছে, নিহতদের লক্ষীপুর জেলায় তিতারকান্দিতে তাদের দাফন করার কথা রয়েছে।

ওসি আরও জানান, প্রাইভেট কারে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও বাসটি থানায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর