রাজশাহী: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, গত ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যাসহ সকল প্রাণহানির ঘটনার বিচার করা হবে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ৫ আগস্টের সময় পুলিশসহ অনেক লোক মারা গেছেন। আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার তদন্ত ও বিচার হবে, আইনে যা হওয়ার তাই হবে।
শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় নেমে আসে, সড়ক অবরোধ করে—এটা ঠিক নয়। এতে আমাদের সকলেরই ক্ষতি হয়।
তিনি আরও বলেন, আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার রয়েছেন। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হয়ে যাওয়ায় ব্যাংকগুলোর অবস্থাও খারাপ। নানা কারণে তরুণেরা মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা সুস্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেন তিনি।
জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দু-একটি পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা একটু বাড়তি দামে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এ ক্ষেত্রে আমাদের নৈতিক চিন্তাভাবনারও উন্নতি ঘটাতে হবে।