Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১১:৫০ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৩:৪৬

নিহত আলী হোসেন।

ঢাকা: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনস্থ ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের সাতগ্রাম ক্যাম্প এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায়।

বিজ্ঞাপন

ঘটনার পর সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইলে যোগাযোগ হয়। সেখানে বিএসএফ কর্তৃপক্ষ জানায়, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে তারকাঁটা বেড়া কাটার উদ্দেশ্যে অনুপ্রবেশ করেন। বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে আলী হোসেন গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ৬১ বিজিবির (লালমনিরহাট) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর