চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১ দশমিক ১১৬ কেজি সোনাসহ দর্শনা পুরাতন রেলস্টেশন থেকে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আলঙ্গীর খান (৫৫)। তিনি দর্শনা পৌরসভার মোবারকপাড়ার মরহুম বাদল খানের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, গোপনে সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। টহল দলের অবস্থান দেখে এক ব্যক্তি এলাকা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু সে সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আটকের পর সেখানে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সেখান থেকে ১০টি অবৈধ সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত ১টি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
উদ্ধার করা সোনার মোট ওজন আনুমানিক ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। জব্দকরা মোবাইল ফোন সেটের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজুর পর তাকে থানায় সোপর্দ ও উদ্ধার হওয়া সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।