টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাবজাদা নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ধনবাড়ী উপজেলার আসিয়া হাসান আলী মহিলা কলেজ মিলনায়তনে তার ৯৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এ দাবি ওঠে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী।
অনুষ্ঠানে ‘নওয়াব আলী চৌধুরীর জীবন ও কর্ম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের সভাপতি ও আসিয়া হাসান আলী মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী। মূল বক্তা ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ও ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. আব্দুল বারী।
বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহে নবাবজাদা নওয়াব আলী চৌধুরী তার জমিদারির একটি অংশ লিজ ও বিক্রি করে তৎকালীন সময়ে ৩৫ হাজার টাকা সরকারি তহবিলে জমা দেন। তিনি সারা দেশে ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তবে অবদান অনুযায়ী তার মূল্যায়ন হয়নি বলে বক্তারা মন্তব্য করেন।
তারা আরও বলেন, বহু বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নাম তার নামে করা হলেও তার জীবন ও কর্ম নিয়ে গবেষণা কিংবা নতুন প্রজন্মকে জানাতে পর্যাপ্ত উদ্যোগ নেই।
সেমিনারে শিক্ষাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। পরে আসিয়া হাসান আলী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।