সিলেট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে আজ থেকে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন। ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে ইলিয়াস আলীকে গুম করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর জন্য আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইলিয়াস আলীর মত যারা গুম হয়েছেন, তাদের পরিবারের কষ্ট ও বেদনা সরকার গভীরভাবে উপলব্ধি করে। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
মন্ত্রী বলেন, আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
পানি সম্পদমন্ত্রী বলেন, যারা দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, যারা আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের ত্যাগ বৃথা যাবে না। এসব ত্যাগের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
তিনি জানান, বিএনপি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী ২ মে তারেক রহমানের সিলেট সফরের সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি বাসিয়া নদীর পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন।
একসময়ের গুরুত্বপূর্ণ এ নদীটি বর্তমানে মৃত্যু প্রায় খালে পরিণত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, নদী পুনরুদ্ধারের মাধ্যমে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ ছাড়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও কিছু কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বিএনপি সব সময় সিলেটবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বিচার ও জবাবদিহিতার বিষয়ে তিনি বলেন, অতীতে সংঘটিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে মূল্যায়ন করা হবে। দেশের মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
আসন্ন মে মাসে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, আগাম পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বন্যার প্রভাব কমিয়ে আনার চেষ্টা চলছে।
এর আগে সকালে মন্ত্রী সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদী এলাকা পরিদর্শন করেন। আগামী ২ মে বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।