হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮২) মারা গেছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বৈগ্রাম গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দাফনের আগে মরহুমের নিজ গ্রাম বৈগ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. জাকির হোসেনের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে স্থানীয় বৈগ্রাম গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, ইউপি সদস্যমশিউর রহমান বকুল, হিলি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিউল ইসলামসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের সাধারণ মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা তার বক্তব্যে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়েই আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাদের সম্মান আমাদের কাছে সবার আগে। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫:৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম স্ত্রী আগেই মৃত্যুবরণ করেছেন এবং তার কোনো সন্তান ছিল না; বর্তমানে তার দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী জীবিত রয়েছেন।