খুলনা: পরিবেশ রক্ষায় সরকার ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে তথ্য অধিদফতর ঢাকার আয়োজনে এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রধান প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে গণমাধ্যমে প্রচার সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইয়াকুব আলী বলেন, ‘পরিবেশ রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের সম্মানি ও উৎসব ভাতা চালু করেছে সরকার। সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এবার হজ ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর কাছ থেকে ১২ হাজার টাকা করে কম নেওয়া হয়েছে। আপনারা জানেন, হামের প্রকোপ মোকাবিলায় এরইমধ্যে টিকা কার্যক্রম শুরু হয়েছে। কর্মসংস্থান সৃষ্টিতে স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার, যার ৮০ শতাংশই নারী।’
তিনি বলেন, ‘সরকার গঠন হয়েছে দুই মাস; ভোটের কালি এখনও মুছেনি। জনকল্যাণমুখী সরকার জনকল্যাণে প্রথমেই ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রকল্প চালু করেছে। এরমধ্যে সরকারের কৃষি ঋণ মওকুফে ১২ লাখ কৃষক উপকৃত হয়েছে। ২১ হাজার ১৪ জন কৃষকের হাতে পৌঁছে গেছে কৃষক কার্ড; এরই অংশ হিসেবে মোট ১৫টি উপজেলায় শতভাগ কৃষকই কার্ড পাবে।’
এ ছাড়া, সভায় গুজব প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও নিউমিডিয়া বিষয়ে আলোচনা করেন উপপ্রধান তথ্য অফিসার (নিউমিডিয়া) নাসরীন জাহান লিপি।
খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ. এস. এম. কবীর। অনুষ্ঠানে তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (মনিটরিং) অনসূয়া বড়ুয়া, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।
সভায় তথ্য অধিদফতর, খুলনা আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিসের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও নিবন্ধিত অনলাইন মিডিয়ার সাংবাদিকেরাও অংশ নেন।