Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১২:৫০

আহত স্বেচ্ছাসেবক নেতা।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬)। তাকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদেরও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় রবিউল ইসলাম নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তার ওপর হামলা চালায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে।

বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলে উপস্থিত নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

আহতরা হলেন, রবিউল ইসলাম (৩৬), তার বাবা হাফেজ প্রামানিক (৭০), সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনা খাতুন (২৫)।

দৌলতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘রাতে মরিচা ইউনিয়নে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর আহত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত পুলিশ কাজ করছে।’