সিরাজগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন ভুঁইয়া এই নির্দেশ দেন।
এর আগে, গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ূন কবীর বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক সুমন ভুঁইয়া মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন।
বাদিপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল শরিফুল হায়দার রফিক সরকার বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন। তিনি নিজে বহু মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি ধর্মীয় বিধান মেনে চলেন। কিন্তু মুফতি আমির হামজা অযাচিতভাবে একটি বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছেন, এটি ধর্ম ও আইন বিরুদ্ধ।’ এতে সংক্ষুব্ধ হয়ে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে বাদি হয়ে দণ্ডবিধি ২৯৬/৫০০/৫০৪ ধারায় মানহানির মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ন কবির কর্নেল।
মামলাটির শুনানি শেষে আজ আদালতের বিচারক মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।