Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে হাতকড়া পরা আসামি ছিনিয়ে নিতে হামলা, আহত ৫ পুলিশ সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৭:২৩

চরভদ্রাসন থানা, ফরিদপুর।

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে আসামি ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হাতকড়া পরা অবস্থায় আসামি কবির খাঁ (৫৩) পালিয়ে যান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরসালেহপুর এলাকার সোরমান খাঁর বাজারে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রিপন হোসেন, এসআই মোজাম্মেল হক, এসআই মো. রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল ও কনস্টেবল উজ্জল হোসেন। তাদের মধ্যে চারজনকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরসালেহপুর এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া, চরসালেহপুর এলাকায় তার দখলে থাকা সরকারি জমি ভূমিহীনদের বুঝিয়ে দিতে ভূমি অফিস লাল নিশানা স্থাপন করলে তা সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পুলিশ ছদ্মবেশে সোরমান খাঁর বাজার এলাকায় অভিযান চালিয়ে কবির খাঁকে গ্রেফতার করে। এ সময় বাজারে উপস্থিত তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।

বিজ্ঞাপন

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের পাঁচ সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেওয়া হয়।’

স্থানীয় বাসিন্দা মোসলেম খাঁ বলেন, ‘ভোরে লুঙ্গি ও ট্রাউজার পরে পাঁচজন ব্যক্তি বাজারে এসেই কবির খাঁকে আটক করে ও পুলিশ পরিচয় দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে চায়। এ সময় বাজারে থাকা তার লোকজন তাদের পরিচয়পত্র দেখাতে বলেন, কিন্তু তারা কোনো পরিচয়পত্র না দেখিয়েই মোটরসাইকেলে বসিয়ে কবির খাঁকে নিয়ে যেতে থাকে। ওই সময় এলাকার লোকজন একত্র হয়ে তাদের ধাওয়া দিলে তারা পড়ে গিয়ে আহত হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপপরিদর্শক রফিকুজ্জামান বলেন, ‘কবির খাঁ একজন চিহ্নিত ভূমিদস্যু। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় কবির খাঁকে আটক করা হয়। এ সময় তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর