Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য, আমির হামজাকে আইনি নোটিশ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ২৩:১৪

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

কুষ্টিয়া: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ফের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, আমির হামজা জনসমক্ষে বক্তব্য দেওয়ার সময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য ও অপপ্রচার করেছেন। একাধিক বক্তব্যে তিনি ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ বলে আখ্যায়িত করে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেন। এমনকি ‘কুকুর মারা ইনজেকশন’ দেওয়ার মতো মন্তব্যও করেছেন বলে অভিযোগে বলা হয়। এতে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে আরও বলা হয়, এসব বক্তব্যের ফলে ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জানা গেছে, একটি ওয়াজ মাহফিলে দেওয়া আমির হামজার বক্তব্যের ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে ফজলুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়।

আইনজীবী নুরুল ইসলাম জানান, নোটিশে ১০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। তা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় যুবশক্তি নেতা আই-ইয়াশ ইমন বলেন, ‘ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ও আমার পছন্দের ব্যক্তি। তাকে নিয়ে মানহানিকর বক্তব্য গ্রহণযোগ্য নয়। এ কারণেই আইনি নোটিশ পাঠানো হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর