ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রচারে পোস্টার ব্যবহার বাদসহ একাধিক পরিবর্তন এনে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১০ জুন) রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত খসড়া প্রকাশ করেছে ইসি। মূলত আচরণবিধিটি ওয়েবসাইটে মতামততের জন্য দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২০২৬ সালের সংশোধিত আইনসমূহের আলোকে এসব আচরণ বিধিমালা তৈরি করা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন আইন ১৯৯৮, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এবং জেলা পরিষদ আইন ২০০০-এর সংশোধন আইন ২০২৬ গেজেটে প্রকাশের পর এসব বিধিমালা প্রণয়ন করা হয়।
প্রণীত খসড়াগুলো হলো- উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ এবং জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬।
এ বিষয়ে চূড়ান্ত করার লক্ষ্যে নির্বাচন কমিশন নাগরিকদের কাছ থেকে সুচিন্তিত মতামত আহ্বান করেছে। খসড়াগুলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd-এ প্রকাশ করা হয়েছে এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ই-মেইলেও পাঠানো হয়েছে।
মতামত আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের ই-মেইল opinion@ecs.gov.bd অথবা ডাকযোগে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা- ২০২৬ এর খসড়ায় নির্বাচন আচরণ বিধিমালার খসড়ায় ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী’ এবং ‘প্রার্থী’ এর সংজ্ঞা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী’ অর্থ এমন একজন প্রার্থী যিনি মেয়র অথবা কাউন্সিলর হিসাবে নির্বাচনের জন্য বৈধভাবে মনোনীত হয়েছেন এবং যিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন নাই; ‘প্রার্থী’ অর্থ কোনো মেয়র, কাউন্সিলর বা সংরক্ষিত আসনের সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলকারী যেকোনো ব্যক্তি।