কক্সবাজার: কক্সবাজার সদরের খুরুশকুলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আমিন (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুরুশকুল নতুন ব্রিজ গোলচত্বর সংলগ্ন মনুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন খুরুশকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনুপাড়ার বাসিন্দা ওমর হামজার ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল এসে আমিনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা মো. শহিদুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে আমার চাচাকে ধাক্কা দেয়। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) ছমি উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. ফারুক নামের এক যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। তার বাড়ি খুরুশকুলের ডেইলপাড়া এলাকায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে নিহতের স্বজনরা অভিযোগ করেন, খুরুশকুল নতুন ব্রিজ সংলগ্ন সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না।
খবর পেয়ে খুরুশকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন কক্সবাজার সদর হাসপাতালে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এই সড়কে মোটরসাইকেল চালকেরা প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যানবাহন চালাচ্ছেন। বিষয়টি নিয়ে বারবার বলা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। ভবিষ্যতে আরও প্রাণহানি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।’
স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এই সড়কে স্পিড ব্রেকার স্থাপন, নিয়মিত ট্রাফিক নজরদারি এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে এমন দুর্ঘটনা থামানো কঠিন হবে।