Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিজিবি দেখে ২৮২ রাউন্ড গুলি রেখে পালাল দুষ্কৃতকারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২৩:২৮

বিজিবির অভিযানে জব্দ ২৮২ রাউন্ড গুলি ও একটি ধারালো দা। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানের সময় বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ ফেলে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। পরে ঘটনাস্থল থেকে ২৮২ রাউন্ড গুলি ও একটি ধারালো দা জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের বাহারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সেখানে পৌঁছালে দুষ্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫৩ রাউন্ড রাইফেলের গুলি এবং ১২৯ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি জব্দ করা হয়। সব মিলিয়ে ২৮২ রাউন্ড তাজা গোলাবারুদ ও একটি দেশীয় দা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার সীমান্তঘেঁষা উখিয়ার পালংখালী ও আশপাশের এলাকায় মাঝেমধ্যে অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান সত্ত্বেও এসব তৎপরতা পুরোপুরি বন্ধ করা এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সর্বশেষ এ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুত্ব আরোপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজিবি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর