Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণ শ্রমিককে চাপা দিয়ে পালানো পিকআপ ৩০ কি. মি. পর জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৬:৩০

যুবককে পিকআপের চাপা দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়কে গভীর রাতে বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় মোহাম্মদ রবিউল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়া উপজেলার ব্যস্ততম কোটবাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসাইনের ছেলে। তিনি সড়কের ডিভাইডার নির্মাণকাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফমুখী তরমুজবোঝাই একটি পিকআপ কোটবাজার মধ্যম স্টেশন এলাকায় পৌঁছালে মাথায় সিমেন্টের ঢালাই নিয়ে রাস্তা পার হচ্ছিলেন রবিউল। এ সময় দ্রুতগতির পিকআপটি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা পিকআপটিকে আটকের চেষ্টা চালায়। কোটবাজার এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে উখিয়া থানা ফটকের সামনে কয়েকটি অটোরিকশা দিয়ে ব্যারিকেড দেওয়া হলেও চালক গাড়ি না থামিয়ে সেখানেও সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্তত চারটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পালানোর সময় পিকআপটি মহাসড়কে এক ধরনের তাণ্ডব চালায়। সামনে যা পেয়েছে, তা-ই চাপা বা ধাক্কা দিয়েছে। এতে পথচারী ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উখিয়া সদরের দোকানদার আমিন শরীফ বলেন, ‘জীবনে এমন বেপরোয়া গাড়ি চালানো দেখিনি। মনে হচ্ছিল সামনে কেউ পড়লে তাকেও পিষে দেবে।’

শেষ পর্যন্ত রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন নয়াপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পিকআপটি আটক করা হয়। তবে এ সময় চালক পালিয়ে যায়।

শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) সাইফুল ইসলাম বলেন, ‘দ্রুতগতির পিকআপটি শ্রমিককে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় গাড়িটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সড়কে চলমান নির্মাণকাজের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর