নওগাঁ: নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্র ও ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের ছ’মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খোরশেদ মণ্ডলের ছেলে আজাহার আলী (৪৫), জামাল মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর হোসেনের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), খোরশেদ মণ্ডলের ছেলে হাসান (৩০), বগুড়া জেলার গাবতলী উপজেলার আনারুল হকের ছেলে রনি (৩২) ও মান্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার সান্তাহার-নাটোর সড়কের রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, ট্রাক ও মালবাহী অন্যান্য যানবাহন নিয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর এলাকার শহিদুলের ছ’মিলের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান। এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশি অস্ত্র, রেজিস্ট্রেশন বিহীন একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারি চালিত অটোভ্যান ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। রাস্তায় ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশে তারা একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়াও গ্রেফতার ব্যক্তিরা জয়পুরহাট ও বগুড়াসহ বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। আসামিরা গ্রেফতার হওয়া সড়কে ডাকাতি কমে আসবে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) প্রদীব ব্যানার্জিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।