Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতির সময় বাড়ির মালিকের সঙ্গে সংঘর্ষ, ১ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৯:১৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৯:২১

পিরোজপুর: জেলার নাজিরপুর উপজেলায় গভীর রাতে ডাকাতির সময় বাড়ির মালিকের পরিবারের সঙ্গে সংঘর্ষে দুলাল নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক ও তার ছেলে।

রোববার (১৯ এপ্রিল) ভোররাত ২টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত দুলাল বরিশালের হিজলা উপজেলার একতা বাজার এলাকার বাসিন্দা। আহতরা হলেন- স্থানীয় কলেজশিক্ষক ও ব্যবসায়ী উজ্জ্বল বাহাদুর (৫১) এবং তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ সদস্যের একটি ডাকাত দল উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাত দলের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে গুরুতর আহত অবস্থায় ডাকাত সদস্য দুলাল ঘটনাস্থলে পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাফকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের উদ্দেশে ডাকাত দলটি ওই বাড়িতে হামলা চালায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছু সময় পর ওই ডাকাতের মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর