যশোর: আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে যশোরের ৮ উপজেলায় একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। দুই হাজার ২৫৬টি কেন্দ্রের মাধ্যমে দুই লক্ষাধিক শিশুকে টিকার আওতায় আনতে এই কর্মসূচি শুরু হচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিভিল সার্জন মাসুদ রানা।
সিভিল সার্জন জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। যশোরে এখন পর্যন্ত ৩৭২ জন শিশুর হামের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে। তবে স্বস্তির খবর জেলায় হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর খবর নেই। এমন পরিস্থিতিতে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে জরুরি টিকাদান শুরু হয়। সেই তালিকায় যশোর সদর উপজেলাও ছিলো। এই টিকাদান কর্মসূচিতে সদরের ৭৪ হাজার ৪০০ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
এবার জেলার ৮ উপজেলায় একযোগে হাম-রুবেলার গণটিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। ২০ এপ্রিল থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে, চলবে ১০ মে পর্যন্ত। ৮ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ১০ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে। একইসঙ্গে তিনি অভিভাবকদের আতঙ্কিত না হয়ে টিকা তাদের বাচ্চাদের দিতে আহ্বান জানান।