সিলেট: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল শনিবার (২ মে) সিলেটে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে ঘিরে এখন পূণ্যভূমি সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সফরসূচি অনুযায়ী, কাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সকাল ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিসিক-এর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
দুপুরের কর্মসূচিতে রয়েছে- সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী খননকাজের শুভ উদ্বোধন। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যা ৭টায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট ও পুলিশি টহল বাড়ানো হয়েছে। আলোকসজ্জার চেয়ে পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজে বেশি গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন।
দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত সিলেটের যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পায়নের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন স্থানীয় প্রতিনিধিরা। এই সফরের মধ্য দিয়ে সিলেটের উন্নয়নে নতুন এক গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।