Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার মরদেহ উত্তোলন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১৬:৪০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দাফনের দীর্ঘ ১৪ মাস পর আদালতের নির্দেশে কৃষক দল নেতা শাহাদাত হোসেন পরাশের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার (৩ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি ময়নাতদন্তের জন্য তোলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন এবং সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার আরমান হোসেন।

নিহত শাহাদাত হোসেন পরাশ জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি ও পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শেখ সুমন জানান, ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় পরাশের মৃত্যু হয়। তখন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছিল। তবে নিহতের স্ত্রী শেফালি বেগম শেপু হত্যার অভিযোগ এনে ওই বছরের ৯ এপ্রিল চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে ময়নাতদন্তের জন্য আজ মরদেহটি উত্তোলন করা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।

বিজ্ঞাপন

মামলার বাদী ও নিহতের স্ত্রী শেফালি বেগম শেপু অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী ওমান প্রবাসী ছিলেন। মাটি খননের মেশিন কেনার জন্য ১০ লাখ টাকা নিয়ে বন্ধু মোহনের সঙ্গে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। পরে জানানো হয় তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু মরদেহ উদ্ধারের সময় তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।’

তিনি আরও দাবি করেন, ওই ১০ লাখ টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই মোহন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় সঠিক বিচার পেতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

পুলিশ ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মরদেহটি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর