Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী, ১২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১২:১২ | আপডেট: ৯ মে ২০২৬ ১২:১৮

‎‎ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন চার হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪৬ হাজার ২৫ জন। আর এখন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী ১২ জন মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৯ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইনসের ৪৭টি ফ্লাইটে ১৭ হাজার ৬৪৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে আট হাজার ৮৫৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

‎হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে ১০ জন মারা গেছেন মক্কায় ১০ জন এবং মদিনায় দুইজন মারা গেছেন। সর্বশেষ মৃত্যুবরণ করেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।

বিজ্ঞাপন

‎এছাড়া সৌদি মেডিকেল টিম ১৮ হাজার ৯৮৭ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৩ হাজার ১১ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

‎সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

‎গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর