বরিশাল: ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের পাশের একটি ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। ভ্রূণটি মেয়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ ভ্রূণটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের পাশে ড্রেনের ওপর ভ্রূণটি পড়ে থাকতে দেখা যায়। ভ্রূণটি পূর্ণাঙ্গ ছিল না। ধারণা করা হচ্ছে, গর্ভকালীন বয়স আনুমানিক ৪ থেকে ৫ মাস।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ভ্রূণটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।