জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম ইনডোর গেমস ক্যারাম টুর্নামেন্টকে কেন্দ্র করে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় দেওয়ার ঘটনায় ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
রোববার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ তথ্য জানান।
এসময় উপাচার্য বলেন, ‘যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জন্য দুঃখজনক। অতীতে বিশ্ববিদ্যালয়ের এমন অনেক ঘটনা ঘটেছে। এগুলো সঠিকভাবে মোকাবেলা না করার জন্য এর রেশ এখনও রয়ে গেছে। আমরা এ সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার কার্যকরী পদক্ষেপ নিব।’
সাদিয়া সুলতানা নেলীর বিষয়টি উল্লেখ করে উপাচার্য বলেন, ‘সেদিনের ঘটনা শোনার পরেই আমরা এটা গুরুত্বের সঙ্গে দেখেছি। সেদিনের ঘটনা বিশ্লেষণ করে আমরা তাকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।’
খেলার অনিয়ম সম্পর্কে তিনি বলেন, ‘কোনো টিমে যদি ভুয়া কিংবা অবৈধ প্লেয়ার খেলে সেই টিম বাদ পড়ে। খেলার শুরুতে খেলার নিয়ম মানা হয়নি। এজন্য ইনডোর গেমের উপকমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। উপকমিটির সদস্য সচিবকে শোকজ করা হয়েছে। এছাড়া অবৈধ প্লেয়ার খেলা এবং এ ঘটনার সঙ্গে কেউ জড়িত কিনা এ বিষয়ে ৩ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুস্পষ্ট তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু রাজনৈতিক ও বিকাশের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, গত বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস ক্যারামের ফাইনালকে ঘিরে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় মারেন বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে পরাজিত জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলী। নেলী খেলায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ কাজ করেন বলেন গণমাধ্যমকে জানান।