Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১২:০৭

বেলুন উড়িয়ে বাংলা কিউআরের উদ্বোধন করা হয়।

ঢাকা: দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে একটি আধুনিক, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্প‌তিবার (২৫ জুন)বাংলা‌দেশ ব্যাং‌কের কেন্দ্রীয় প্রধান কার্যালয় প্রাঙ্গনে বাংলা কিউআরের উদ্বোধন করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও কবির আহম্মেদ বলেছেন, বাংলা কিউআর শুধু একটি পেমেন্ট প্রযুক্তি নয়; এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি, রাজস্ব আহরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, কাগজের টাকার ব্যবহার বা নগদ লেনদেন কমিয়ে ধীরে ধীরে একটি ক্যাশলেস সোসাইটি বা নগদবিহীন সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তার মতে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও ঝামেলামুক্ত হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাজারে কেনাকাটার সময় খুচরা টাকা বা চেঞ্জ না থাকার কারণে প্রায়ই ভোগান্তির মুখে পড়তে হয় ক্রেতা ও বিক্রেতাদের। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে পণ্যের প্রকৃত মূল্য বা ‘অ্যাকচুয়াল প্রাইস’ সরাসরি গ্রাহকের হিসাব থেকে কেটে নেওয়া যাবে। ফলে বাড়তি টাকা দেওয়া বা খুচরা ফেরত নেওয়ার জটিলতা থাকবে না।

হাবিবুর রহমানের মতে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো এর নিরাপত্তা ও সহজলভ্যতা। নগদ অর্থ বহনের ঝুঁকি কমে আসবে এবং গ্রাহকরা নিরাপদ ও দ্রুত উপায়ে লেনদেন সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও পথের বিক্রেতারাও সহজে এই ব্যবস্থার আওতায় আসতে পারবেন।

তিনি আরও বলেন, ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হওয়া প্রতিটি লেনদেন নথিবদ্ধ থাকবে। ফলে অর্থনীতির অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক খাতের অনেক লেনদেন আনুষ্ঠানিক ব্যবস্থার মধ্যে চলে আসবে। এতে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রকৃত আকার আরও স্পষ্ট হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধিও বৃদ্ধি পাবে।

ডেপুটি গভর্নরের ভাষ্য অনুযায়ী, দেশের যত বেশি মানুষ ডিজিটাল আর্থিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে, অর্থনীতির গতি তত বেশি ত্বরান্বিত হবে। এ কারণে তিনি সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অপারেটর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপসে বাংলা কিউআরের সুবিধা সংযুক্ত করার আহ্বান জানান।

অন্যদিকে ডেপুটি গভর্নর কবির আহম্মেদ বাংলা কিউআরকে দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সব ধরনের লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হলে সরকারের কর আহরণের সক্ষমতা বাড়বে। বিশেষ করে ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধিতে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

তার মতে, অর্থনীতির বড় অংশ যখন ডিজিটাল প্ল্যাটফর্মে দৃশ্যমান হবে, তখন কর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এর ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাও শক্তিশালী হবে।

কবির আহম্মেদ জানান, আগামী বছর দেশে একটি ইন্টারঅপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে যেকোনো মোবাইল আর্থিক সেবা থেকে ব্যাংক হিসাবে এবং ব্যাংক হিসাব থেকে মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করা যাবে। এতে দেশের পেমেন্ট অবকাঠামো আরও সমন্বিত ও কার্যকর হবে।

তিনি বলেন, আর্থিক লেনদেনে সংযোগ বা কানেক্টিভিটি যত বাড়বে, অর্থনীতির উৎপাদনশীলতাও তত বৃদ্ধি পাবে। নগদ অর্থ ব্যবস্থাপনার ব্যয় কমে আসবে এবং একটি স্বল্প ব্যয়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে।

সাধারণ মানুষের জীবনযাত্রায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন এই ডেপুটি গভর্নর। তিনি বলেন, জরুরি চিকিৎসা, পারিবারিক প্রয়োজন বা যেকোনো সংকটময় মুহূর্তে দ্রুত অর্থ পাঠানোর প্রয়োজন হয়। ইনস্ট্যান্ট ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হলে এসব ক্ষেত্রে সময় ও খরচ উভয়ই কমবে এবং মানুষের ভোগান্তি হ্রাস পাবে।

মানি লন্ডারিং প্রতিরোধের ক্ষেত্রেও ডিজিটাল লেনদেন কার্যকর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন কবির আহম্মেদ। তাঁর ভাষ্য, প্রতিটি ডিজিটাল লেনদেনের একটি নির্দিষ্ট রেকর্ড বা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে। ফলে অর্থের উৎস ও গন্তব্য অনুসরণ করা সহজ হয়, যা অবৈধ অর্থপাচার রোধে সহায়ক হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি নগদনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে উত্তরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, রাজস্ব আদায় সম্প্রসারণ, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন তারা।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর