Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুতুবদিয়ায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১১:৫৯

বাল্যবিবাহের আয়োজন করায় মুচলেকা নেওয়া হচ্ছে।

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় প্রশাসনের তৎপরতায় ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই ঘটনায় উভয় পরিবারের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

রোববার (৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে হাজির হয়ে মেয়ের মা ও ছেলের বাবা লিখিত অঙ্গীকার দেন বলে জানিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের জেলে পাড়ায় ১৪ বছর বয়সী কিশোরী অতিথি দাশের সঙ্গে ১৮ বছর বয়সী সিকেল দাশের গোপনে বিয়ের প্রস্তুতি চলছিল। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষকে তলব করে প্রশাসন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রথমে ছেলে-মেয়ে উভয়ের অভিভাবকদের কাউন্সেলিং করা হয় এবং বাল্যবিবাহের আইনি ও সামাজিক ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়।

পরে উভয় পরিবারের পক্ষ থেকে নিজেদের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তারা ছেলে-মেয়ের বিয়ে দেবেন না এবং ভবিষ্যতে বাল্যবিবাহে সম্পৃক্ত হবেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অঙ্গীকার ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসনের এমন দ্রুত হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ রোধ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

 

সারাবাংলা/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর