চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো পিএইচডি-এমফিল ও মাস্টার্স (থিসিস) গবেষকদের জন্য গবেষণা বৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৪ মে) বৃত্তির বিষয়টি নিশ্চিত করেন চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন।
চাকসু সূত্রে জানা যায়, এ বৃত্তির আওতায় ৪ বছর মেয়াদি পিএইচডি গবেষকরা পাবেন ৪০ হাজার টাকা, ২ বছর মেয়াদি এমফিল গবেষকরা ২০ হাজার টাকা এবং ৬ মাস মেয়াদি মাস্টার্স (থিসিস) গবেষকরা পাবেন ১৫ হাজার টাকা। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে ভর্তি হওয়া পূর্ণকালীন শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
নীতিমালা অনুযায়ী, পিএইচডি ও এমফিল গবেষকদের নির্ধারিত পিয়ার-রিভিউড প্রকাশনা থাকতে হবে। অন্যথায় বৃত্তির অর্থ ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে ডিগ্রি শেষ করতে না পারলেও গ্রহণযোগ্য কারণে সর্বোচ্চ এক বছর সময় বাড়ানোর সুযোগ থাকবে।
এ বিষয়ে চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন বলেন, ‘এর আগে শুধু যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বহন করা হতো। এবার প্রথমবারের মতো সরাসরি গবেষণা বৃত্তি চালু হলো। এর মাধ্যমে মাস্টার্স থিসিসে শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীরাও এ সুবিধা পাবেন।’
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘এই বৃত্তির জন্য যাদের আবেদন অনুমোদিত হবে, তারা এ বৃত্তি পাবেন। তবে অন্য কোনো একাধিক বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তি পাবে না।’