ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা আঞ্চলিক সড়কের দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শাহ আলম ফকির (৩৫) নামে এক আহত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শাহ আলম ফকির ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামের মৃত আব্দুর রব ফকিরের ছেলে।
এর আগে গত ২ মে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফেরার পথে আজিমনগর বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে শাহ আলম ফকিরের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩দিন পর আজ মঙ্গলবার (৫ মে) রাতে মারা যায়। শাহ আলমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে ।
এলাকাবাসীর জানায়, এই আঞ্চলিক সড়কে অটোরিকশা ও অটোভ্যানগুলো বেপরোয়া চলাচল করে এবং অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।