Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় কাল উদযাপিত হবে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব


৭ মে ২০২৬ ১২:৪১ | আপডেট: ৭ মে ২০২৬ ১২:৪৩

কুষ্টিয়ার কুঠিবাড়ি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি আবারও সেজেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের আয়োজনে। শুক্রবার (৮ মে) ২৫ বৈশাখ কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুঠিবাড়িতে জাতীয়ভাবে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের।

নিরিবিলি প্রকৃতি, জমিদারি তদারকি ও ব্যাবসায়িক কাজের টানে বারবার শিলাইদহে ফিরে আসতেন রবীন্দ্রনাথ। পদ্মা তীরের এই নিভৃত জনপদেই কেটেছে তার জীবনের বহু গুরুত্বপূর্ণ সময়। এখানেই রচিত হয়েছে ‘গীতাঞ্জলিসহ’ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম। সাহিত্যজগতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য তিনি অর্জন করেন নোবেল পুরস্কার। শুধু তাই নয়, শিলাইদহে অবস্থানকালেই তিনি রচনা করেন বহু গান, কবিতা ও গল্প।

বিজ্ঞাপন

আজও কুঠিবাড়ির প্রতিটি কোণে সংরক্ষিত আছে কবিগুরুর স্মৃতিচিহ্ন। ব্যবহৃত আসবাব, লেখার টেবিল, নৌভ্রমণের স্মৃতি আর বসতঘর যেন এখনো বহন করে তাঁর সৃষ্টিশীল সময়ের সাক্ষ্য।

রবীন্দ্র জয়ন্তীকে ঘিরে এরইমধ্যে কুঠিবাড়ি চত্বরে শেষ হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সংস্কার কাজ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ও দর্শনার্থী ব্যবস্থাপনার উদ্যোগও। তিন দিনের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, নাটক প্রদর্শনী ও আলোচনা সভা।

এদিকে কুঠিবাড়ি চত্বরে বসেছে গ্রামীণ মেলা। বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন। ফলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো এলাকায়।

আয়োজন ঘিরে রবীন্দ্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে তাদের দাবি, শুধু জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক আয়োজন নয়, কুঠিবাড়ির স্মৃতিবিজড়িত নিদর্শনের সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং এটিকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল-আমীন জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের জন্যও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।

রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার আলো আজও সমানভাবে প্রাসঙ্গিক। আর সেই চেতনাকে ধারণ করেই প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ার শিলাইদহে পালিত হতে যাচ্ছে বিশ্বকবির জন্মবার্ষিকী।