Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ এক জলদস্যু বাহিনীর প্রধান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৬:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ‘জমির বাহিনী’র প্রধান কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার আসামি জমির উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে ‘এফবি আজুফা আক্তার মানু’ নামের একটি ফিশিং বোটে হামলা চালায় জলদস্যু জমির উদ্দিন বাহিনী। এ সময় তাদের গুলিতে কুতুবদিয়ার জেলে শাহাদাত হোসেন খোকন নিহত হন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে মহেশখালী থানার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে জমির বাহিনীর প্রধান জমির উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের দাবি, জমির দীর্ঘদিন ধরে ‘জমির বাহিনী’র নেতৃত্ব দিয়ে সাগর উপকূলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত জলদস্যু, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, দেশের উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জলদস্যুতা দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর